বীরভূমের ইলামবাজারে রোড শো তে জনজোয়ারে ভাসলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব: বোলপুরে জয়ের ডাক

শম্ভুনাথ সেনঃ

নির্বাচনী উত্তাপের পারদ যত চড়ছে, বীরভূম জুড়ে ততই বাড়ছে রাজনৈতিক তৎপরতা। আজ ১৫ এপ্রিল, বৈশাখের তপ্ত দুপুরে ইলামবাজারে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে ঝড় তুললেন সাংসদ তথা টলিউড সুপারস্টার দেব। এদিন ইলামবাজার রাইস মিলের মাঠে বিশেষ হেলিকপ্টারে এসে নামেন তিনি। সেখান থেকেই শুরু হয় এক বর্ণাঢ্য রোড শো, যা শেষ হয় সুখবাজার শিবমন্দিরে গিয়ে। দেবকে সামনে থেকে একঝলক দেখতে ইলামবাজারের রাস্তায় আক্ষরিক অর্থেই জনজোয়ার নেমেছিল। আট থেকে আশি—সব বয়সের মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে। মিছিলে দেবের একদিকে ছিলেন তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল এবং অন্যদিকে বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিংহ। হুডখোলা জিপে দাঁড়িয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়েন দেব। বক্তব্যের শুরুতেই সাংসদ অভিনেতা তুলে ধরেন রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান। আগামীর সুন্দর বাংলা গড়ার ডাক দিয়ে তিনি অনুরোধ জানান, আগামী ২৩ এপ্রিল বোলপুর বিধানসভায় যেন বিপুল ভোটে তৃণমূল প্রার্থীকে জয়যুক্ত করা হয়। প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষের উপস্থিতিতে এই মেগা রোড শো সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে শেষ হয়। সব মিলিয়ে, দেবের উপস্থিতিতে ইলামবাজারে ভোটের আবহ যেন এক নতুন মাত্রা পেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *