৮ টি দলকে নিয়ে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা, দুবরাজপুরে

সেখ রিয়াজুদ্দিনঃ

একদা গ্রামীণ এলাকায় প্রিয় খেলা ছিল ফুটবল। যা আজকের বর্তমান পরিস্থিতিতে বিলুপ্তির পথে। খেলার পরিবর্তে সেখানে জায়গা করে নিয়েছে মোবাইল। ছোট ছোট বাচ্চারা দলবদ্ধ ভাবে কোথাও গাছের নিচে, কোথাও পুকুর পাড়ে, কোথাও আবার খোলা মাঠের মধ্যে মোবাইল নিয়ে দলবদ্ধ ভাবে গ্যামের নেশায় বুঁদ হয়ে জীবন অতিবাহিত করছে। এর ফলে পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। পারিবারিক অশান্তি বেড়ে চলেছে। মোবাইল নিয়ে মা বাবার বকুনি সহ্য করতে না পেরে অনেক ক্ষেত্রে কিশোর কিশোরীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। সর্বপরি জীবনধারণের রুটিন পরিবর্তন হচ্ছে। এমন কি দেখা দিচ্ছে নানান শারীরিক জটিলতা জনিত ব্যাধি। সেই প্রেক্ষিতে খেলাধুলায় আগ্রহ বাড়িয়ে তোলার লক্ষ্যে কোল ইন্ডিয়া লিমিটেড এর আর্থিক সহায়তায় এবং দুবরাজপুর ব্লকের হেতমপুর যুব কমিটির পরিচালনায় স্থানীয় ব্লক এলাকার আটটি দলকে নিয়ে হেতমপুর ফুটবল মাঠে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্যায়ের খেলায় ইসলামপুর আল আমিন সংঘ দুবরাজপুর নেহা মেঘনা ফুটবল দলকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে বিজয়ী ঘোষিত হয়। উল্লেখ্য খেলার শুরুতেই আটটি দলের খেলোয়ারদের মধ্যে জার্সি ও প্যান্ট প্রদান করা হয় এবং সেই পোশাক পরিধান করে তারা খেলায় অংশগ্রহণ করে । গ্রামীন পরিবেশে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতার অনুষ্ঠান দেখতে এলাকার ক্রীড়া প্রেমীরা ভীড় জমায়। এদিন খেলায় বিজয়ী ও বিজিত দলের হাতে সুদৃশ্য ট্রফি ছাড়াও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয় খেলাধুলায় উৎসাহ প্রদানের লক্ষ্যে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের স্বেচ্ছাসেবক বিকাশ বাগদি। এছাড়াও ছিলেন স্থানীয় ক্লাবের পক্ষে সোহম চ্যাটার্জি, আবির মিত্র,তনয় সরকার, রাজশেখর ভাণ্ডারী, অভিজিৎ দাস প্রমুখ সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *