
শম্ভুনাথ সেনঃ
নির্বাচনের পারদ চড়তেই উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের নানুর। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জেলা সফরের দিনেই রক্ত ঝরল নানুর বিধানসভার সিঙ্গি গ্রামে। এদিন সিউড়ি, রামপুরহাট ও বোলপুরের জনসভায় যোগ দেওয়ার কথা যোগী আদিত্যনাথের। ঠিক তার আগেই নানুরের ওই গ্রামে উত্তেজনা ছড়ায়।
ঘটনার সূত্রপাত তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝির নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে। অভিযোগ, প্রচার চলাকালীন তৃণমূল সমর্থকরা বিজেপির দলীয় পতাকা ও ব্যানার ছিঁড়ে ফেলে দেয়। এই নিয়ে দু-পক্ষের মধ্যে শুরু হয় তীব্র বাকযুদ্ধ, যা মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের রূপ নেয়। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের নানুর ৪ নম্বর মণ্ডল সভাপতি মঙ্গল মাঝিকে বেধড়ক মারধর করেছে, যার ফলে তাঁর মাথা ফেটে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বোলপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনার তীব্র ধিক্কার জানিয়েছেন নানুরের বিজেপি প্রার্থী খোকন দাস। যোগীর জনসভার প্রাক্কালে এই সংঘর্ষ ঘিরে জেলাজুড়ে তৈরি হয়েছে চাপা উত্তেজনা। এলাকার মানুষ রয়েছেন আতঙ্কে। পুলিশি টহলদারি বাড়িয়ে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
