
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের রুক্ষ লাল মাটিতে দাপট শুরু হয়েছে গ্রীষ্মের। চড়চড় করে বাড়ছে পারদ, সঙ্গে বইছে লু। জলাশয় শুকিয়ে যাওয়ায় এই কঠিন সময়ে সবচেয়ে বিপন্ন অবলা পশু-পাখিরা। এই সংকটে বন্যপ্রাণ রক্ষায় এগিয়ে এলেন জেলার ভোট-আইকন তথা বন্যজীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর স্বেচ্ছাসেবক দীনবন্ধু বিশ্বাস। বীরভূমের সিউড়ি সংলগ্ন অজয়পুর হাইস্কুলের এই বিজ্ঞান শিক্ষক সাধারণ মানুষের কাছে এক বিশেষ আবেদন জানিয়েছেন। তাঁর মতে, তীব্র জলকষ্টে পশুপাখিরা কেবল অসুস্থই হয় না, অনেক সময় মারাও যায়। তাই বাড়ির ছায়াযুক্ত স্থানে মাটির অগভীর পাত্রে জল রাখার পরামর্শ দিয়েছেন তিনি। মাটির পাত্র জলকে দীর্ঘক্ষণ ঠান্ডা রাখে, আর পাত্র অগভীর হলে পাখিরা নির্ভয়ে স্নান ও জলপান করতে পারে।

দীনবন্ধু বাবু সচেতনতার বার্তা দিয়ে বলেন, “আমাদের সামান্য প্রচেষ্টাই পারে বন্যপ্রাণ রক্ষা করতে।” সুস্থ পরিবেশ বজায় রাখতে নিয়মিত জল পাল্টে পাত্র পরিষ্কার রাখার আর্জিও জানিয়েছেন এই পরিবেশপ্রেমী শিক্ষক দীনবন্ধু বিশ্বাস। আসলে এই পরিবেশপ্রেমী শিক্ষক তার সিউড়ির সেহারাপাড়া “রূপকথা” নামক বাড়িতে এই প্রখর গ্রীষ্মে পাখিদের জন্য জলদান সেই সঙ্গে খাবারের ব্যবস্থা করেছেন এবারও।
