
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বোলপুরে আজ ১৬ এপ্রিল বৃহস্পতিবার আয়োজিত হলো বিজেপির এক বর্ণাঢ্য জনসভা। জেলা পরিষদের বোলপুর ডাকবাংলো ময়দানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে ছিল টানটান উত্তেজনা। এই সভাকে কেন্দ্র করে বিজেপি নেতৃত্বের সুপরিকল্পিত আয়োজন ছিল চোখে পড়ার মতো। আধুনিক মঞ্চ, উন্নত শব্দ ব্যবস্থা ও কর্মীদের উৎসাহী আনাগোনা জানান দিচ্ছিল দলীয় প্রস্তুতির গভীরতা।
মঞ্চে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উন্নয়নের বার্তা দেন। তিনি উত্তরপ্রদেশের ‘ডবল ইঞ্জিন’ সরকারের সাফল্যের উদাহরণ টেনে বলেন, সঠিক নেতৃত্ব থাকলে কীভাবে অরাজকতা দূর করে উন্নয়ন সম্ভব। বাংলায় শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিশা দেখাতে তিনি সংকল্পবদ্ধ। তাঁর কণ্ঠে বারবার উঠে আসে বাংলার হৃত গৌরব পুনরুদ্ধারের আহ্বান। সভায় উপস্থিত ছিলেন বোলপুরের প্রার্থী দিলীপ ঘোষ সহ জেলা বিজেপির শীর্ষ নেতৃত্ব। যদিও ভিড় নিয়ে বিরোধীরা কটাক্ষ করছে, তবে উপস্থিত সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল তুঙ্গে। বিশেষ করে যোগীর প্রস্থানের সময় ‘বুলডোজার বাবা জিন্দাবাদ’ স্লোগানটি কর্মীদের লড়াকু মানসিকতারই পরিচয় দেয়। প্রতিকূল পরিস্থিতির মাঝেও বিজেপির এই সভা বীরভূমের নির্বাচনী লড়াইয়ে নতুন প্রাণ সঞ্চার করে।

