
শম্ভুনাথ সেনঃ
বিধানসভা নির্বাচনের মুখে বীরভূমের রাজনৈতিক সমীকরণে বড়সড় রদবদল ঘটল। আজ, শুক্রবার (১৭ এপ্রিল) ইলামবাজার ব্লকের গোপালনগর গ্রাম সংলগ্ন এলাকায় তৃণমূল শিবিরে বড়সড় ধস নামিয়ে প্রায় অন্তত ২০০টি আদিবাসী পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করল। বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ কুমার ঘোষের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে তাঁরা পদ্ম শিবিরে শামিল হন। দলত্যাগীদের প্রধান অভিযোগ, দীর্ঘদিন তৃণমূলের পাশে থেকেও তাঁরা সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। গ্রামবাসীর দাবি, অবহেলা আর বঞ্চনার প্রতিবাদেই নিজেদের ইচ্ছায় তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনের ঠিক আগে এই গণ-যোগদান ইলামবাজার এলাকায় শাসক শিবিরের অস্বস্তি যেমন বাড়াল, তেমনই গেরুয়া শিবিরের আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দিল। যদিও এলাকার তৃণমূল নেতা রবি মুরমু জানিয়েছেন বিজেপি প্রার্থী কিছু না জেনেই ভুল তথ্য দিচ্ছেন। ওইখানে এতগুলি পরিবারই নেই। তাছাড়া এলাকায় পানীয় জলের ব্যবস্থা করেছে মা মাটি মানুষের সরকার।

