
শম্ভুনাথ সেনঃ
২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বীরভূমে কোমর বেঁধে নামল জেলা প্রশাসন। সাধারণ মানুষের মন থেকে নির্বাচনী সন্ত্রাসের আতঙ্ক দূর করতে এবং একটি অবাধ ও শান্তিপূর্ণ ভোট উপহার দিতে পথে নামলেন খোদ জেলাশাসক ও পুলিশ সুপার। বীরভূমের পাড়ুই, বোলপুর সহ একাধিক স্পর্শকাতর এলাকায় বিশাল পুলিশবাহিনী নিয়ে রোডমার্চ করেন জেলাশাসক ধবল জৈন ও পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এই এলাকা পরিদর্শন ছিল মূলত সাধারণ মানুষের আত্মবিশ্বাস বাড়ানোর একটি বড় পদক্ষেপ।
এলাকার অলিগলি ঘোরার পাশাপাশি জেলাশাসক ও পুলিশ সুপার সরাসরি কথা বলেন সাধারণ বাসিন্দাদের সাথে। ভোট দিতে গিয়ে কেউ যেন কোনোভাবে ভয় না পান বা কোনো চাপের মুখে না পড়েন, সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে অভয় দেওয়া হয়। জেলাশাসক স্পষ্ট জানান, “মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই, প্রশাসন আপনাদের পাশে আছে।” নির্বাচনের আগে বীরভূমের শান্তিশৃঙ্খলা বজায় রাখাই যে এখন প্রশাসনের প্রধান লক্ষ্য, এই মেগা রোডমার্চে তা আরও একবার পরিষ্কার হয়ে গেল।

