
শম্ভুনাথ সেনঃ
প্রথম দফার নির্বাচনের আগে বীরভূমের নানুরে রণহুঙ্কার দিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আগামী ২৩শে এপ্রিল রাজ্যে শুরু হচ্ছে প্রথম দফার ভোট যুদ্ধ। তার ঠিক দুদিন আগে, বীরভূমের নানুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খোকন দাসের সমর্থনে এক বিশাল রোড-শোতে অংশ নেন তিনি।
এদিন নানুরের রাজপথে ছিল উপচে পড়া ভিড়। গেরুয়া আবিরে রাঙানো মিছিলে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সুসজ্জিত হুডখোলা গাড়িতে চড়ে জনতার উদ্দেশ্যে হাত নাড়েন রাজনাথ সিং। উপস্থিত দলীয় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস প্রমাণ দিচ্ছিল তৃণমূলের গড় হিসেবে পরিচিত এই এলাকায় পদ্ম-শিবির কতটা আত্মবিশ্বাসী। ভোট প্রচারের একেবারে অন্তিম লগ্নে কেন্দ্রীয় হেভিওয়েট নেতার এই উপস্থিতি বীরভূমের রাজনৈতিক সমীকরণকে আরও উত্তপ্ত করে তুলল।
