
শম্ভুনাথ সেনঃ
এবারের বিধানসভা নির্বাচনে বীরভূম জেলা দেখল এক অভূতপূর্ব দৃশ্য। শতাংশের হিসেবে ৯৩.৭৩ শতাংশ ভোট দিয়ে বীরভূম গড়েছে সর্বকালীন রেকর্ড। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আবহে এই বিপুল জনজোয়ার রাজনৈতিক মহলে রীতিমতো বিস্ময় তৈরি করেছে। জেলার ১১ টি বিধানসভাতে গড়ে ভোট পড়েছে প্রায় ৯৪ শতাংশ।
বিশ্লেষকদের মতে, এই রেকর্ডের নেপথ্যে রয়েছে এসআইআর (SIR) বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। দীর্ঘ দুই দশক পর মৃত ও অনুপস্থিত ভোটারদের নাম তালিকা থেকে বাদ যাওয়ায় স্বচ্ছতা বেড়েছে, যা শতাংশের হারকে একধাক্কায় অনেকটা উঁচুতে নিয়ে গেছে। এছাড়াও, নাম কাটা যাওয়ার আশঙ্কায় ভিন রাজ্য বা বিদেশ থেকে বহু মানুষ ফিরে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিপুল ভোটদান কি রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত তা অবশ্য বোঝা যাবে ৪ মে। না কি স্রেফ সচেতনতা— তা নিয়ে বিতর্ক থাকলেও, জেলাবাসী চাইছেন ভোটের এই স্বতঃস্ফূর্ততা যেন ফলাফল পরবর্তী সময়েও শান্তিপূর্ণ বজায় থাকে। বীরভূমের এই ‘মডেল’ এখন গোটা রাজ্যের আলোচনার কেন্দ্রবিন্দু।
