
শম্ভুনাথ সেনঃ
ভোট উৎসবের রেশ কাটতে না কাটতেই বীরভূমের দুবরাজপুর বিধানসভার অন্তর্গত খয়রাশোল ব্লকের বুধপুর গ্রাম আজ এক নিস্তব্ধ জনপদে পরিণত হয়েছে। গত ২৩ এপ্রিল নির্বাচনের দিন ৬৫ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের জেরে থমথমে গোটা এলাকা। ইভিএম বিভ্রাটের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া সেই উত্তেজনা মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের আকার নেয়। উন্মত্ত জনতার ইটের ঘায়ে আহত হন সিআরপিএফ জওয়ানরা, তাড়া করা হয় পুলিশকেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই দিনই পুলিশ সেখ গোলাম মোস্তফা, সেখ রুহুল আমিন এবং সেখ মাসুদকে গ্রেপ্তার করে। পরদিন শুক্রবার দুবরাজপুর আদালত তোলা হলে বিচারক ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। কিন্তু আইনি প্রক্রিয়ার সমান্তরালে গ্রামে দানা বেঁধেছে গভীর আতঙ্ক। গ্রেপ্তারি ও পুলিশের তল্লাশির ভয়ে ২৪ এপ্রিল সকাল থেকেই পুরুষরা গ্রামছাড়া। খাঁ খাঁ করছে রাস্তাঘাট, ঘরে কেবল কান্নারত মহিলারা। পুলিশের টহলদারি চললেও, থমথমে বুধপুরে এখন শুধুই চাপা হাহাকার আর অনিশ্চয়তা। জনহীন গ্রামটি যেন হারানো গণতন্ত্রের এক নিরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

