বিজেপি প্রার্থীর উপর হামলা: উত্তপ্ত নানুর, বোলপুর থানা ঘেরাও করে বিজেপির ডেপুটেশন

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের নির্বাচনী উত্তাপ চরমে পৌঁছাল নানুর বিধানসভা কেন্দ্রে। গত শনিবার মধ্যরাতে বোলপুর ইভিএম স্ট্রং রুম পরিদর্শন সেরে বাড়ি ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন নানুর বিধানসভার বিজেপি প্রার্থী খোকন দাস। অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে ২৬এপ্রিল বেলা ১১টা নাগাদ বোলপুর থানার সামনে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির।
বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল এর নেতৃত্বে এদিন এক গণ ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আক্রান্ত প্রার্থী খোকন দাস এবং বোলপুর বিধানসভার বিজেপি প্রার্থী দিলীপ কুমার ঘোষ সহ বহু কর্মী-সমর্থক। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে অভিযুক্তদের অবিলম্বে চিহ্নিত করার দাবি জানান নেতারা। বোলপুর থানা কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করলেও এলাকা জুড়ে এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। রাজনীতির লড়াই এখন আক্ষরিক অর্থেই রাজপথের লড়াইয়ে রূপ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *