বীরভূমের বোলপুর স্ট্রংরুমে আগুনের আতঙ্ক: বজ্রপাতে বিপত্তি, আশ্বস্ত করল প্রশাসন

শম্ভুনাথ সেনঃ

শেষ দফার ভোট মিটতেই বীরভূমের বোলপুর কলেজ স্ট্রংরুম চত্বরে ছড়াল তীব্র চাঞ্চল্য। গত ২৯ এপ্রিল সন্ধ্যা নাগাদ আচমকাই ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। রাজনৈতিক পরিস্থিতির গুরুত্ব বিচার করে সেখানে উপস্থিত হন বোলপুর বিধানসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ও নানুর বিধানসভার বিজেপি প্রার্থী খোকন দাসও। তবে প্রাথমিক তদন্তের পর স্বস্তির নিশ্বাস ফেলেছে প্রশাসন। জানা গিয়েছে, কোনো অগ্নিকাণ্ড ঘটেনি বরং প্রবল বজ্রপাতের জেরে অ্যালার্মের সেন্সর সক্রিয় হয়ে গিয়েছিল। যার ফলেই এই বিভ্রান্তির সৃষ্টি হয়। প্রশাসনের তরফে মহকুমা শাসক ও পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, স্ট্রংরুমে রাখা বোলপুর, নানুর ও লাভপুর বিধানসভার সমস্ত ইভিএম (EVM) সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। ভোটের ফল ঘোষণার ঠিক আগে এই ঘটনা সাময়িক উদ্বেগ তৈরি করলেও, প্রশাসনের দ্রুত তৎপরতায় শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়। কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় স্বস্তি ফিরেছে রাজনৈতিক মহলেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *