
শম্ভুনাথ সেনঃ
রাস্তায় কাদা-জলের মাঝে পড়ে থাকা এক ভবঘুরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য নজির গড়ল বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ (DLSA) ও মহকুমা পুলিশ প্রশাসন। আজ ২ মে সকালে বীরভূমের বোলপুর জামবুনী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক মধ্যবয়স্ক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পড়ে থাকতে দেখেও যখন পথচারীরা মুখ ফিরিয়ে নিচ্ছিলেন, ঠিক তখনই দেবদূতের মতো এগিয়ে আসেন জেলা আইনি সহায়ক মহিউদ্দীন আহমেদ। বিষয়টি তৎক্ষণাৎ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক নিরুপমা দাস ভৌমিককে জানানো হলে, তিনি দ্রুত উদ্ধারের নির্দেশ দেন। বিচারকের নির্দেশক্রমে বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়ালের ব্যবস্থাপনায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। জানা গেছে, ওই ব্যক্তির বাড়ি বিহারের মুজাফফরনগরে। তিনি বাড়ি ফেরার আকুতি জানালে প্রশাসনিক উদ্যোগে তাকে নিরাপদে ফেরানোর ব্যবস্থা করা হয়। আইন ও প্রশাসনের এই সমন্বিত মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বোলপুরের সাধারণ মানুষ।
