নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ
মাধ্যমিক ২০২৬ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গত ৮ মে। West Bengal Board of Secondary Education পরিচালিত এবারের পরীক্ষায় রাজ্যজুড়ে পরীক্ষা দিয়েছিলেন মোট ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১০ দিন ধরে হয়েছিল পরীক্ষা।
এবার রাজ্যের প্রথম ১ থেকে ১০ র্যাঙ্কের মধ্যে স্থান করে নিয়েছেন মোট ১৩১ জন কৃতী ছাত্রছাত্রী। সেই তালিকায় উজ্জ্বল সাফল্য দেখিয়েছে বীরভূম জেলা। জেলার একাধিক ছাত্রছাত্রী রাজ্যের মেধাতালিকায় জায়গা করে নিয়ে জেলার মুখ উজ্জ্বল করেছেন।
সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন সিউড়ির প্রিয়তোষ মুখার্জি। সরোজিনীদেবী সরস্বতী শিশু মন্দির হাইস্কুলের ছাত্র প্রিয়তোষ ৬৯৬ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। প্রিয়তোষের বাড়ি সিউড়ির পুরাতন ডাঙ্গালপাড়ায়। তাঁর এই সাফল্যে খুশির আবহ পরিবার থেকে বিদ্যালয় সর্বত্র।
এছাড়াও লালবাজার দুবরাজপুরের শর্মিষ্ঠা গড়াই ৬৯০ নম্বর পেয়ে রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে। তিনি দুবরাজপুর শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দিরের ছাত্রী।
রাজ্যে দশম স্থান অর্জন করেছে বীরভূমের আরও চার ছাত্রছাত্রী। তাঁদের মধ্যে রয়েছেন উদয়নপল্লী বোলপুরের শেখ সাদ হোসেন। নব নালন্দা শান্তিনিকেতন হাইস্কুলের ছাত্র সাদ হোসেন পেয়েছেন ৬৮৮ নম্বর।
একই নম্বর পেয়ে দশম স্থানে রয়েছেন পুরন্দরপুরের প্রত্যয় ঘোষ। তিনি পুরন্দরপুর হাইস্কুলের ছাত্র।
সিউড়ি চাঁদনীপাড়ার শর্বব্য দেবও ৬৮৮ নম্বর পেয়ে রাজ্যের দশম স্থানে জায়গা করে নিয়েছে। তিনি বীরভূম জেলা স্কুলের ছাত্র।
অন্যদিকে রামপুরহাটের শিবতলাপাড়ার দ্যুতিমান দে ৬৮৮ নম্বর পেয়ে রাজ্যের দশম স্থান অধিকার করেছে। তিনি রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ছাত্র।
জেলার এই কৃতী ছাত্রছাত্রীদের সাফল্যে খুশির হাওয়া বইছে বীরভূম জুড়ে। পরিবার, শিক্ষক ও বিদ্যালয়ের পাশাপাশি সাধারণ মানুষও শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের। আগামী দিনে আরও বড় সাফল্যের পথে এগিয়ে যাক জেলার এই মেধাবীরা, এমনটাই আশা সকলের।

