খয়রাসোল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে বিধায়ক অনুপ কুমার সাহা

সেখ রিয়াজুদ্দিনঃ

খয়রাসোল ব্লকের নাকড়াকোন্দায় অবস্থিত ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো এবং রোগী পরিষেবার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার সরেজমিনে যান দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা। হাসপাতালের বিভিন্ন বিভাগের পাশাপাশি পরিষেবার গুনগতমান ঘুরে দেখেন এবং চিকিৎসা ব্যবস্থার খুঁটিনাটি সম্পর্কেও খোঁজখবর নেন। এদিন স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছালে বিধায়ককে স্বাগত জানান ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৈয়দ সঞ্জয় হোসেন। তিনি বিধায়ক ও তাঁর প্রতিনিধিদলকে স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন বিভাগ, রোগী পরিষেবা, পরিকাঠামো এবং চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন রুমগুলো ঘুরিয়ে দেখান। হাসপাতালের ওয়ার্ড, বহির্বিভাগ, ওষুধ সরবরাহ ব্যবস্থা এবং স্বাস্থ্যকর্মীদের কাজের পরিস্থিতিও খতিয়ে দেখেন বিধায়ক। পরিদর্শন চলাকালীন রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন অনুপ কুমার সাহা। চিকিৎসা পরিষেবা নিয়ে তাঁদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং কোথাও কোনও সমস্যা রয়েছে কিনা তা জানার চেষ্টা করেন। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও আলোচনা করে স্বাস্থ্যকেন্দ্রের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত ভাবে জানেন।
একান্ত সাক্ষাৎকারে বিধায়ক জানান, “স্বাস্থ্যকেন্দ্রের সমস্ত কিছু ঘুরে দেখলাম। কিছু উন্নয়নের কাজ হয়েছে ঠিকই, তবে এখনও অনেক ঘাটতি রয়েছে। আগামী দিনে রোগী কল্যাণ সমিতির সদস্যদের সঙ্গে আলোচনা করে উন্নয়নের বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখা হবে। সাধারণ মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবা থেকে কোনওভাবেই বঞ্চিত না হন, সেটাই আমাদের মূল লক্ষ্য।” পরিদর্শনকালে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদিকা রিতা ঘোষ, জেলা সম্পাদক রথিলাল সিংহ, প্রবীণ কার্যকর্তা সুকুমার নন্দী, দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের কনভেনার অনুপম বাগ, দুই মণ্ডল সভাপতি কৃষ্ণ গড়াঁই, দেবব্রত গুপ্ত সহ বিজেপির অন্যান্য কার্যকর্তা সহ সমর্থকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *