
শম্ভুনাথ সেনঃ
রাজ্যে সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে বীরভূমের সাঁইথিয়ার নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৃষ্ণকান্ত সাহা ১৩ মে, বুধবার স্থানীয় বাজারগুলোতে এক ঝটিকা সফর করেন। তাঁর এই আকস্মিক পরিদর্শনে মূল লক্ষ্য ছিল জনদুর্ভোগ কমানো এবং অসাধু কারবার বন্ধ করা। বুধবার সকালে তিনি প্রথমে সাঁইথিয়া সবজি বাজারে পৌঁছান। সেখানে রাস্তার ওপর অবৈধভাবে দোকান সাজিয়ে রাখার ফলে দীর্ঘদিনের যানজট সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন তিনি। বিধায়ক নিজে বিক্রেতাদের সাথে কথা বলে সুশৃঙ্খলভাবে দোকান বসানোর নির্দেশ দেন, যাতে সাধারণ মানুষের যাতায়াতে কোনো বিঘ্ন না ঘটে।
সবজি বাজারের পর বিধায়ক মাছ বাজারে উপস্থিত হয়ে তোলাবাজির বিরুদ্ধে হুঙ্কার ছাড়েন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এলাকায় আর কোনো ‘গুন্ডা ট্যাক্স’ বা অবৈধ আদায় চলবে না। তৃণমূল বা বিজেপি—যেকোনো দলের নাম ভাঙিয়ে টাকা চাইলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ব্যবসায়িক পরিবেশে স্বচ্ছতা ফেরাতে বিধায়কের এই সাহসী পদক্ষেপকে স্থানীয় ব্যবসায়ীরা সানন্দে স্বাগত জানিয়েছেন। অভিযান চলাকালীন তাঁর সাথে উপস্থিত ছিলেন পুলিশের আধিকারিক ও দলের স্থানীয় কর্মীবৃন্দ।
