ফলহারিণী অমাবস্যায় বীরভূমের তন্ত্রক্ষেত্র তারাপীঠে ভক্তের ঢল

শম্ভুনাথ সেনঃ

আজ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের পবিত্র ফলহারিণী অমাবস্যা। অমাবস্যা শুরু হয়েছে ভোর ৪ বেজে ১ মিনিটে। শেষ হবে আজ রাত্রি ১টা ৫১ মিনিটে। একথা জানিয়েছেন তারামাতা সমিতির এক সেবায়েত। শাস্ত্র মতে, এই বিশেষ তিথিতে মা কালী ও মহাশক্তির আরাধনার এক পরম মাহাত্ম্য রয়েছে। বীরভূমের তন্ত্রক্ষেত্র তথা বামাক্ষ্যাপার সাধনক্ষেত্র দেবী মা তারার মন্দিরে আজ ভোর থেকেই ভক্তদের উপচে পড়া ভিড়। মধ্যরাত্রির পর মন্দিরের দ্বার খুলতেই ‘জয় মা তারা’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র চত্বর। এই তিথির সঙ্গেই জড়িয়ে রয়েছে রামকৃষ্ণ দেব ও সারদা মায়ের এক অলৌকিক ইতিহাস। আজকের এই বিশেষ দিনেই শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরে নিজের সহধর্মিণী সারদা দেবীকে সাক্ষাৎ জগদম্বারূপে পুজো করে তাঁর সাধনার সমস্ত সুফল মায়ের চরণে সমর্পণ করেছিলেন। সেই পুণ্যস্মৃতি মনে রেখেই ভক্তরা আজ মা তারার চরণে নিজেদের জীবনের সমস্ত কুফল ত্যাগ করে সুফল কামনায় ব্রতী হয়েছেন। আজ দেবী তারাকে আম, লিচু, জাম সহ হরেক রকমের ঋতুফলে বিশেষভাবে সাজানো হয়েছে। দুপুরে দেবীকে ভাত, পোলাও, পাঁচ রকম ভাজা, মিষ্টি, পায়েস ও শোল মাছ পোড়ার সঙ্গে বলির মাংস দিয়ে বিশেষ ভোগ নিবেদন করা হবে। ভক্তদের সুষ্ঠু দর্শনের জন্য মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন কড়া নজরদারির ব্যবস্থা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *