
শম্ভুনাথ সেনঃ
সাতসকালে চোরকে গাছে বেঁধে গণধোলাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বীরভূমের বোলপুরের তাতারপুর কলোনিতে। ১৫ মে, শুক্রবার গভীর রাতে স্থানীয় বাসিন্দা সাগরিকা সাহার ঘরে এক চোর প্রবেশ করে। খসখস শব্দে গৃহকর্ত্রীর ঘুম ভাঙতেই তিনি দেখেন, এক ব্যক্তি তারই শাড়ি পরে ঘরের জিনিসপত্র হাতড়াচ্ছে! সাগরিকা দেবী চিৎকার শুরু করতেই বেগতিক বুঝে শাড়ি ফেলে চম্পট দেয় সে। তবে প্রতিবেশী হওয়ায় তাকে চিনে ফেলেন গৃহকর্ত্রী। আজ শনিবার সকালে ক্ষিপ্ত গ্রামবাসীরা অভিযুক্তকে পাকড়াও করে গাছে বেঁধে জেরা শুরু করে। মারধরের মুখে সে চুরির কথা স্বীকার করে এবং কিছু সামগ্রী ফেরত দেয়। খবর পেয়ে বোলপুর থানার পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
