জনকল্যাণে বিজেপি: বীরভূম ও পশ্চিম বর্ধমানের লাইফলাইন ‘জয়দেব সেতু’ সাফাইয়ে অভিনব উদ্যোগ

শম্ভুনাথ সেনঃ

বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ ‘জয়দেব সেতু’ পরিচ্ছন্ন রাখতে এক প্রশংসনীয় সামাজিক উদ্যোগ নজির গড়ল। সেতুর ওপর জমে থাকা আবর্জনা পরিষ্কার করতে বিশেষ সাফাই অভিযানের ডাক দেয় ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলী অঞ্চলের টিকরবেতা বিজেপি বুথ কমিটি। এদিন বুথ সভাপতি গৌতম হাজরার নেতৃত্বে সুরজিৎ মুখার্জী, রানু দাস সহ স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবে এই অভিযানে শামিল হন। উল্লেখ্য, বীরভূম থেকে প্রতিদিন প্রায় ৩-৪ হাজার মানুষ দুর্গাপুর শিল্পনগরীতে জীবিকার তাগিদে এই সেতু ব্যবহার করেন। এছাড়া দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি ও দুবরাজপুরের সংযোগ রক্ষাকারী এই সেতুটি দীর্ঘদিন পর পরিষ্কার হওয়ায় স্বস্তিতে সাধারণ মানুষ। অভিযান শেষে বুথ কমিটির পক্ষ থেকে বার্তা দেওয়া হয়, “এই সেতু আমাদের সকলের সম্পদ, তাই এটি পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের।” নিত্যযাত্রীরা যাতে সেখানে আবর্জনা না ফেলেন, সেই অনুরোধও জানান তারা। বিজেপির এই জনহিতকর ও সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সমাজ সচেতন নাগরিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *