
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সিউড়ি ১ ব্লকের ভুরকুনা গ্রামে প্রথাগত চাষের ধারা বদলে এক অনন্য নজির গড়েছেন প্রগতিশীল কৃষক ভক্তদাস দে। বহুজাতিক বীজ উৎপাদনকারী সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়ে তিনি শুরু করেছেন ভিন্ন পদ্ধতির হাইব্রিড ধান চাষ। এই পদ্ধতিতে মূলত উন্নত মানের বীজ উৎপাদনের লক্ষ্যে এক বিশেষ বিন্যাসে ধান রোপণ করা হয়েছে।
মাঠের দিকে তাকালে দেখা যায় সবুজের মাঝে রঙের এক চমৎকার বৈচিত্র্য—কোথাও গাঢ় সবুজ, তো কোথাও হালকা। এটি মূলত ‘পুরুষ’ ও ‘স্ত্রী’ জাতের ধানের সারিবদ্ধ রোপণের ফল। প্রতি এক সারি পুরুষ ধানের বিপরীতে আটটি সারিতে লাগানো হয়েছে স্ত্রী ধান। পরাগায়ণের জন্য দুই ধারের ধান গাছের ওপর দিয়ে দড়ি টেনে কৃত্রিমভাবে পরাগ রেণু ছড়িয়ে দেওয়া হয়, যা বীজ তৈরিতে অপরিহার্য। ভক্তদাস বাবুর এই সাহসী উদ্যোগ শুধু নিজের লাভের জন্য নয়, বরং কৃষিতে আধুনিক প্রযুক্তির সফল প্রয়োগের একটি দৃষ্টান্ত। জেলা কৃষি দপ্তরের মতে, এটি সাধারণ ধান চাষের চেয়ে জটিল ও শ্রমসাধ্য হলেও এতে লাভের পরিমাণ অনেক বেশি। চাষির এই উদ্ভাবনী প্রচেষ্টা এবং বৈজ্ঞানিক পদ্ধতির মেলবন্ধন আগামী দিনে এলাকার অন্য কৃষকদের কাছেও অনুপ্রেরণা হয়ে থাকবে।
