
শম্ভুনাথ সেনঃ
নির্বাচন মিটতেই ফের উত্তপ্ত বীরভূম। সদাইপুর থানার অন্তর্গত ভূরকোনা অঞ্চলের এঁটেকোলা গ্রামে একটি পরিত্যক্ত পোল্ট্রি ফার্ম থেকে এক ব্যাগ তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সদাইপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। উদ্ধার হওয়া ব্যাগে ঠিক কতগুলি বোমা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বোমাগুলি নিষ্ক্রিয় করতে ইতিমধ্যেই বম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। ঘটনার জেরে পোল্ট্রি ফার্মের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকায় শান্তি বজায় রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পরিত্যক্ত ওই খামারে কীভাবে এবং কী উদ্দেশ্যে এই বোমাগুলি মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখতে জোরদার তদন্ত শুরু করেছে সদাইপুর থানার পুলিশ।

ছবিঃ নিতাই চক্রবর্তী, চিনপাই, বীরভূম
