
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের রেওয়ানী পাড়ায় গত ২০ মে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী এক মহিলার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন ওই পাড়ারই বাসিন্দা সৌমেন ভৌমিক। সেই ঝগড়া থামাতে ছুটে যান পাড়ার কয়েকজন যুবক। অভিযোগ, সৌমেনকে সরিয়ে নিয়ে যাওয়ার সময় সে হঠাৎই ধারালো অস্ত্র বের করে এলোপাথাড়ি চালাতে শুরু করে। এতে গুরুতর রক্তাক্ত হন মুকেশ রেওয়ানী ও আকাশ সাহানী নামে দুই যুবক। স্থানীয়রা তৎক্ষণাৎ তাঁদের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে মুকেশের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর সাগর কুন্ডু এবং বিজেপি নেতৃত্ব। এদিকে ঘটনার তদন্তে নেমে দুবরাজপুর থানার পুলিশ মূল অভিযুক্ত সৌমেন ভৌমিককে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

