
শম্ভুনাথ সেনঃ
ওয়ার্ল্ড হেরিটেজ তকমাপ্রাপ্ত বিশ্বভারতী এলাকার ভুবনডাঙা এখন গভীর উদ্বেগ ও অনিশ্চয়তার কেন্দ্রবিন্দু। বীরভূমের বোলপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া ও বাঁধেরপাড় সংলগ্ন এলাকায় দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে বসবাসকারী বহু পরিবারকে উচ্ছেদের নোটিশ দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আগামী ১৫ দিনের মধ্যে এলাকা খালি করার এই আকস্মিক নির্দেশে সাধারণ মানুষের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। বাসিন্দাদের দাবি, জীবনের সমস্ত সঞ্চয় ঢেলে প্রায় ৫০ বছর ধরে তাঁরা এখানে ঘর বেঁধেছেন। আজ আচমকা এই উচ্ছেদের মুখে দাঁড়িয়ে তাঁদের একটাই প্রশ্ন— “পরিবার নিয়ে এখন কোথায় যাব?”
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। স্থানীয় বিজেপি নেতা সনাতন দাঁ মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বাসিন্দাদের আরও সময় দেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি এত বছরেও কেন তাঁরা সরকারি আবাসন যোজনার সুবিধা পাননি, তা নিয়ে পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, তৃণমূল কাউন্সিলর সুকান্ত হাজরা বিজেপির অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়ে জানিয়েছেন, তাঁরা বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে সময় বাড়ানোর আবেদন জানাবেন।
রাজনৈতিক তরজা চললেও, দিনশেষে আসল সংকট সাধারণ মানুষের। উন্নয়নের বড় বড় প্রতিশ্রুতির আড়ালে বছরের পর বছর ধরে বসবাসকারী প্রান্তিক মানুষের মাথার ছাদই আজ সবচেয়ে বেশি অনিশ্চিত। পরিবর্তনের এই টানাপোড়েনে শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই চরম মূল্য দিতে হচ্ছে।
