বীরভূমের দুবরাজপুরে গৃহবধূকে গুলি: ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার অভিযুক্ত স্বামী, উদ্ধার পিস্তল ও গুলি

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর পুরসভার ইসলামপুর এলাকায় গৃহবধূ নেহেরুন্নেসা বিবিকে গুলি করার ঘটনায় অবশেষে তাঁর স্বামী শেখ আফতাবকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনার পর থেকেই সন্দেহের তির ছিল স্বামীর দিকেই। অবশেষে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ ২২ মে, শুক্রবার ধৃতকে দুবরাজপুর আদালতে পেশ করা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গত বুধবার দুপুরে ইসলামপুরের চমরুচক পাড়ার বাসিন্দা ওই গৃহবধূর পেটে গুলি লাগে। বর্তমানে তিনি সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশি জেরায় ধৃত স্বামী নিজের অপরাধ স্বীকার করে জানিয়েছে, সে ইচ্ছাকৃত গুলি চালায়নি, বরং দুর্ঘটনাবশত ‘মিসফায়ার’ হয়ে গিয়েছে। তদন্তে নেমে পুলিশ ধৃতের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে। তবে ধোঁয়াশা কাটেনি। একজন সাধারণ নাগরিক হয়ে কীভাবে সে এই আগ্নেয়াস্ত্র মজুত করল, তা নিয়ে তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *