বীরভূমের সতীপীঠ বক্রেশ্বরে বন্ধ টোল ট্যাক্স: এবার বিনামূল্যে উষ্ণ প্রস্রবণে পুণ্যস্নান

শম্ভুনাথ সেনঃ

রাজ্যে ক্ষমতার পট পরিবর্তনের পরেই বড়সড় বদল বীরভূমের বিখ্যাত সতীপীঠ বক্রেশ্বরে। গত ৪ মে নতুন বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হলো দীর্ঘদিনের টোল ট্যাক্স ও পার্কিং চার্জ আদায়। বাম আমল থেকে শুরু করে তৃণমূল জমানা পর্যন্ত বক্রেশ্বরে গাড়ি পার্কিং এবং উষ্ণ প্রস্রবণে স্নানের জন্য তীর্থযাত্রীদের থেকে নির্দিষ্ট ফি নেওয়া হতো। জেলা পরিষদের অনুমোদনে একটি বেসরকারি সংস্থা এই টাকা তুলত। নতুন নির্দেশিকায় এখন সম্পূর্ণ বিনামূল্যে উষ্ণ প্রস্রবণে পুণ্যস্নান ও গাড়ি পার্কিংয়ের সুযোগ পাওয়ায় খুশি পর্যটকেরা। তবে এই আকস্মিক বন্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ স্থানীয়দের মনে উঠছে একাধিক প্রশ্ন। এতদিন কি নিয়মের তোয়াক্কা না করে কোনো প্রভাবশালীর মদতে সাধারণ মানুষকে ঠকিয়ে এই টাকা তোলা হচ্ছিল? এলাকার মানুষ আশাবাদী, নতুন সরকার দ্রুত এই টোল আদায়ের নেপথ্যে থাকা দুর্নীতির তদন্ত করবে এবং ৫১ সতীপীঠের অন্যতম এই পুণ্যভূমিকে আরও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *