বীরভূমে প্রথমবার এনসিসি ক্যাডেটদের ড্রোন প্রশিক্ষণ, পিএম শ্রী জওহর নবোদয় বিদ্যালয়ে ক্যাডেটদের উদ্বুদ্ধ করলেন বীরভূম জেলাশাসক ধবল জৈন

শম্ভুনাথ সেনঃ

তরুণ প্রজন্মের মধ্যে দেশসেবা ও প্রশাসনিক দক্ষতার পাঠ ছড়িয়ে দিতে বীরভূমের লাভপুর ব্লকের গোপালপুর পিএম শ্রী জওহর নবোদয় বিদ্যালয়ে এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়। গত ১৯-২৮ মে থেকে শুরু হওয়া ১০ দিনব্যাপী সি.এ.টি.সি. বিডি-০৪ (C.A.T.C BD-04) ক্যাম্পে আজ, ২৬ মে উপস্থিত হয়ে এন.সি.সি. (N.C.C.) ক্যাডেটদের ভবিষ্যৎ গড়ার দিশা দেখালেন বীরভূমের জেলাসমাহর্তা ধবল জৈন।
বর্তমানে এই ক্যাম্পে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৪০০ জন ক্যাডেট অংশগ্রহণ করেন। এদিন জেলাশাসক মহোদয় প্রতিটি ক্যাডেটদের সাথে সরাসরি কথা বলেন। তাদের ক্যারিয়ার সংক্রান্ত নানান প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি, দেশের অগ্রগতির স্বার্থে তরুণ সমাজকে সিভিল সার্ভিস বা প্রশাসনিক চাকরিতে যোগ দেওয়ার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত করেন তিনি।


চলতি এই ক্যাম্পে উপস্থিত ছিলেন ১৫ বেঙ্গল ব্যাটালিয়ন এন.সি.সি.-র (সিউড়ি) কমান্ডিং অফিসার কর্নেল শুভ্র শঙ্কর রায়, জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ আশুতোষ কুমার, উপ-অধ্যক্ষ রাকেশ কুমার, সুবেদার মেজর রেশপাল সিং, ক্যাম্প আ্যডজুটেন্ট- ক্যাপ্টেন হেমন্ত কুমার সাহা, বিদ্যালয়ের A.N.O সেকেন্ড অফিসার ঋত্বিক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট এ.এন.ও.-গণ।
ক্যাম্পের সার্বিক সাফল্যে ও ক্যাডেটদের মনোবল বাড়াতে এর আগে বর্ধমান গ্রুপ হেডকোয়ার্টার্স এন.সি.সি.-র গ্রুপ কমান্ডার ব্রিগেডিয়ার কে. এ. বশিষ্ঠ, আই.পি.এস. মিস কাজল চৌহান এবং সাইবার ক্রাইম শাখার ডি.এস.পি. শ্রী সৌরভ চ্যাটার্জি বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের উজ্জীবিত করেছিলেন। তবে এবারের ক্যাম্পের সবচেয়ে বড় আকর্ষণ ও ঐতিহাসিক দিক হলো ড্রোন প্রশিক্ষণ। বীরভূম জেলার ইতিহাসে এই প্রথমবার এন.সি.সি. ক্যাডেটদের আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে ড্রোন ওড়ানোর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়, যা ভবিষ্যৎ প্রযুক্তির ক্ষেত্রে এই তরুণ শিক্ষার্থীদের এক ধাপ এগিয়ে রাখবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *