সংস্কৃতির আলোয় শুকডালা: বীরভূমে শ্রদ্ধায় ও স্মরণে রবীন্দ্র-নজরুল জয়ন্তী

শম্ভুনাথ সেনঃ

বসন্ত পেরিয়ে গ্রীষ্মের দাবদাহেও বাঙালির মননে অমলিন রবীন্দ্রনাথ ও নজরুল। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির বীরভূম জেলা শাখার উদ্যোগে, ইলামবাজার ব্লকের শিরষা অঞ্চলের শুকডালা শিশু শিক্ষা সহায়তা কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী।
অনুষ্ঠানের শুরুতে ২০২৫ সালের মূল্যায়নে কৃতী পড়ুয়াদের হাতে শংসাপত্র তুলে দেন কেন্দ্রের শিক্ষক লক্ষ্মী নারায়ণ ব্যানার্জি। দুই মণীষীর জীবন ও সামাজিক প্রাসঙ্গিকতা নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন সমিতির জেলা সম্পাদক অমিতাভ সেনগুপ্ত। সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষক সব্যসাচী চ্যাট্যার্জি।
এরপরই মঞ্চ মেতে ওঠে ক্ষুদে পড়ুয়াদের স্বতঃস্ফূর্ত আবৃত্তি, গান ও নৃত্যের কোলাজে। আজকের যান্ত্রিক যুগে শিশুদের চার দেওয়াল থেকে বের করে সংস্কৃতির আঙিনায় ফিরিয়ে আনার এই আন্তরিক প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত গুণীজনেরা। বীরভূম জেলা কমিটির সহ-সভাপতি লক্ষ্মী নারায়ণ ব্যানার্জির সুনিপুণ ও সুচারু সঞ্চালনায় সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *