
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সিউড়িতে প্রতিবছরের মতো এবারও সাড়ম্বরে অনুষ্ঠিত হলো ‘ইয়ং নাট্য সংস্থা’র ছোটদের বিভাগ ‘নাটক নাটক খেলা’র ১৪তম গ্রীষ্মকালীন থিয়েটার ক্যাম্প। ২৫ থেকে ২৭ মে, সিউড়ির শ্রী শ্রী রামকৃষ্ণ সভাগৃহে তীব্র দাবদাহকে উপেক্ষা করে এক শান্ত, শীতল ও আনন্দঘন পরিবেশে মেতে উঠেছিল ৩০ জন কচিকাঁচা। সংস্থার রজত জয়ন্তী বর্ষের ‘স্বপ্ন বুননের ২৫ বছর’ উৎসবের অঙ্গ হিসেবেই এই তিন দিনব্যাপী শিবিরের আয়োজন।

শিবির পরিচালক পার্থপ্রতিম দাস জানান, থিয়েটারকে মাধ্যম করে সম্পূর্ণ খেলার ছলে শিশুদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশ ঘটানোই ছিল এর মূল লক্ষ্য। অনিকেত, ইমন, রঙ্গন, তিতিরা, অর্চিতা ও সৌমকদের মতো শিক্ষার্থীদের কথায়, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই শিবিরে তারা অভিনয়ের পাশাপাশি বিভিন্ন খেলার মাধ্যমে সমাজসেবা, দেশপ্রেম ও শৃঙ্খলাবোধের পাঠ নিয়েছে।

তিন দিনে কচিকাঁচাদের প্রশিক্ষণ দেন বামদেব মুখোপাধ্যায়, সুকদেব কাহার, সুব্রত ঘটক, খোকন মন্ডল, পার্থপ্রতিম দাস ও সংস্থার কর্ণধার নির্মল হাজরা। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিমল কুমার সোম, সুশান্ত রাহা, সন্দীপন রায়, শম্ভুনাথ সাহা এবং প্রতাপ সিংহ রায়ের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিবিরের শেষ দিনে শিক্ষার্থীদের অভিনয়ে মঞ্চস্থ হয় সুব্রত ঘটক রচিত ও নির্দেশিত নাটক ‘বেশি কথায় বেশি দোষ’। পরিশেষে, অভিভাবক ও সংস্কৃতিমনস্ক দর্শকদের উপস্থিতিতে খুদে শিল্পীদের হাতে শংসাপত্র তুলে দিয়ে শেষ হয় এই নান্দনিক উৎসব।

