
শম্ভুনাথ সেনঃ
বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন প্রক্রিয়ায় বিধায়কদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ফের তৎপরতা দেখাল সিআইডি। বৃহস্পতিবারের পর, আজ শুক্রবার সাত সকালেই বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাসভবনে হানা দেয় রাজ্য গোয়েন্দা সংস্থার একটি দল। টানা দ্বিতীয় দিন কেন্দ্রীয় বা রাজ্য তদন্তকারী সংস্থার এই আকস্মিক উপস্থিতিকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। এদিন সিআইডি আধিকারিকরা দীর্ঘক্ষণ বিধায়কের সঙ্গে কথা বলেন এবং তাঁর স্বাক্ষরের নমুনা (Specimen Signature) সংগ্রহ করেন। পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও খতিয়ে দেখা হয়েছে বলে খবর। তবে তদন্তের স্বার্থে সিআইডি বা বিধায়ক—কোনও পক্ষই সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি। এই ঘটনায় বোলপুর-সহ গোটা রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে পারদ চড়তে শুরু করেছে।
