
শম্ভুনাথ সেনঃ
“না খায়ুঙ্গা, না খানে দুঙ্গা”— প্রধানমন্ত্রীর এই স্লোগানকে হাতিয়ার করেই এবার বীরভূমের রামপুরহাট মহকুমা শাসক দপ্তরে অতর্কিতে হানা দিলেন স্থানীয় বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। তৃণমূল জমানার পর থেকেই এই দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে লাগাতার কাটমানি ও ঘুষ নেওয়ার ভুরি ভুরি অভিযোগ উঠছিল। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে শুচিতা ফেরাতে এবং দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা কায়েম করতে তৎপরতা শুরু হয়েছে। আজ ২৯ মে অভিযোগকারীদের সঙ্গে নিয়ে সপার্ষদ মহকুমা শাসক দপ্তরে সশরীরে হাজির হয়ে বিধায়ক কড়া ভাষায় স্পষ্ট জানিয়ে দেন, রামপুরহাটের সাধারণ মানুষ যে বিপুল জনমত দিয়ে তাঁকে গুরুদায়িত্ব সঁপেছেন, আজ তিনি সেই কর্তব্যের খাতিরেই এখানে এসেছেন। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা দুর্নীতির বিষবৃক্ষ এবং ঘুঘুর বাসা উপড়ে ফেলতে এই আপসহীন লড়াই জারি থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। বিধায়কের এই আকস্মিক অভিযানে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোরগোল তৈরি হয়েছে।

