
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ইলামবাজার ব্লকের শিরষা অঞ্চলের নবগ্রামের বাউরি পাড়ায় রাতের অন্ধকারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি পরিবারের সর্বস্ব। গতকাল রাতে আচমকাই এক বাসিন্দার গোয়াল ও রান্না ঘরে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন রান্নাঘর ও স্টোর রুমে। গ্রামবাসীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় গোয়ালঘরে থাকা গবাদি পশু, আসবাবপত্র, রান্নার গ্যাস সিলিন্ডার, একটি ভ্যান এবং ব্যবসার আইসক্রিমের পেটি। খবর পেয়ে পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই মর্মান্তিক ঘটনায় চোখের নিমেষে সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে দুর্গত পরিবারটি। তবে এটি দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত নাশকতা বলে দাবি ক্ষোভ উগরে দিয়েছেন বাড়ির মালিক অরুণ বাউরী। তাঁদের অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরাই আগুন লাগিয়ে চম্পট দিয়েছে। ঘটনার তদন্ত ও দ্রুত সরকারি ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
