
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ইলামবাজার ব্লকের পাড়ুই এলাকায় একটি প্রাচীন রাধামাধব মন্দিরের পবিত্র প্রাঙ্গণে গরুর কাটা মাথা পড়ে থাকার ঘটনাকে কেন্দ্র করে তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আজ ৩০ মে শনিবার সকালে মন্দিরের সেবায়েতরা নিত্যপুজোর জন্য মূল ফটক খুলতেই এই নৃশংস দৃশ্য দেখতে পান। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
এলাকার শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করতে গভীর রাতের অন্ধকারে কোনো দুষ্কৃতী দল এই ঘৃণ্য কাজ করেছে বলে অভিযোগ। দোষীদের অবিলম্বে চিহ্নিতকরণ ও কঠোর শাস্তির দাবিতে সরব হন গ্রামবাসীরা। সকাল থেকেই শুরু হয় সিউড়ি-বোলপুর সড়কে পথ অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে পাড়ুই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ক্ষুব্ধ জনতা থানা ঘেরাও করে দীর্ঘক্ষণ স্লোগান দিতে থাকেন। অপরাধীদের সাত দিনের মধ্যেই গ্রেপ্তার করা হবে বলে পুলিশ আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। নির্দিষ্ট কয়েকজন দুষ্কৃতীর নাম উল্লেখ করে তাদের দ্রুত গ্রেপ্তারির দাবিতে ওসির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।
