
শম্ভুনাথ সেনঃ
বীরভূমে ফের উদ্ধার বিপুল টাকা ও সোনা। মহম্মদবাজার থানা এলাকার এক প্রভাবশালী বালি ব্যবসায়ীর বাড়ি ও অফিসে ম্যারাথন তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লক্ষ নগদ টাকা ও ৫০২ গ্রাম সোনার গয়না বাজেয়াপ্ত করল পুলিশ। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যবসায়ীর নাম শামিম সেখ। তিনি এলাকায় শাসকদল তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে বেআইনি বালি ব্যবসা এবং অবৈধ বালিঘাট চালানোর অভিযোগ উঠছিল। গোপন সূত্রে খবর পেয়ে মহম্মদবাজার থানার পুলিশ শামিমের বাড়ি ও অফিসে আচমকা হানা দেয়।
অভিযানে উদ্ধার হয় নগদ ৪৯ লক্ষ ৭৫ হাজার টাকা। এর পাশাপাশি ঘর থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০২ গ্রাম ওজনের খাঁটি সোনার গয়না। এত টাকা ও বিপুল পরিমাণ সোনা কোথা থেকে এল, তার কোনো বৈধ নথি দেখাতে পারেননি শামিম। আয়ের উৎসের অসঙ্গতি মেলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার নেপথ্যে কোনো বড় চক্র রয়েছে কি না, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

