মোবাইল ভুলে ক্রিকেট-উন্মাদনা: বীরভূমের জয়দেব কেন্দুলী অঞ্চল প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ‘A to Z’

শম্ভুনাথ সেনঃ

ডিজিটাল যুগের মোবাইল-কম্পিউটারের স্ক্রিন ভুলে মাঠের সবুজ ঘাসে ক্রিকেট-উন্মাদনায় ভাসল বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলী। গত ৩১ মে রবিবার, রামপুর মাঠে উপচে পড়া জনজোয়ারের সামনে সাড়ম্বরে সম্পন্ন হলো ‘অঞ্চল প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’-এর চূড়ান্ত পর্ব।
উল্লেখ্য গত ২৯ মে বীরভূম, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার খেলোয়াড়দের নিয়ে শুরু হওয়া এই ক্রিকেট যজ্ঞের ফাইনালে মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টের দুই শক্তিশালী দল—’A to Z’ এবং ‘শক্তি দ্য রিয়েল পাওয়ার’। আইসিসি (ICC)-র নিয়ম মেনে, জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া টানটান উত্তেজনার এই ম্যাচে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নেয় ‘A to Z’। রানার্স-আপ হয় ‘শক্তি দ্য রিয়েল পাওয়ার’।
অনুষ্ঠানে উপস্থিত দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা চ্যাম্পিয়ন দলের হাতে এবং ইলামবাজার ব্লক বিজেপি সভাপতি সুখদেব বিশ্বাস রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেন। এছাড়াও উপস্থিত ছিলেন আইসি সৌমিত্র শুকুল, বিধান আচার্য সহ বহু বিশিষ্টজন। যুবসমাজকে খেলাধুলার মূল স্রোতে ফিরিয়ে আনার এই অনবদ্য প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথিবৃন্দ। প্রশাসনের নিশ্ছিদ্র নিরাপত্তা এবং স্থানীয় যুবকদের কঠোর পরিশ্রমে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *