সরকারি চাল আত্মসাৎ: বীরভূমে পুলিশের জালে তৃণমূল নেতা তথা রাইস মিল মালিক রাজীব ভট্টাচার্য

শম্ভুনাথ সেনঃ

কোটি কোটি টাকার সরকারি চাল খোলা বাজারে পাচার ও আত্মসাতের অভিযোগে অবশেষে পুলিশের জালে বীরভূমের আহমদপুর অঞ্চল তৃণমূলের সভাপতি তথা আমোদপুর জয় মা দুর্গা রাইসমিলের মালিক রাজীব ভট্টাচার্য। জেলা খাদ্য দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক সাঁইথিয়া থানায় অভিযোগ জানালে গতকাল বুধবার দুপুরে আহমদপুরের ‘জয় মা দুর্গা রাইস মিল’ থেকে রাজীব এবং তাঁর ব্যবসায়িক পার্টনার চন্দ্রনাথ মুখোপাধ্যায়কে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে প্রায় ১১,২০০ মেট্রিক টন সরকারি চাল আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া পুরুলিয়া জেলায় তার নামে আলাদা অভিযোগ আছে।যার বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে নয় কোটি টাকা। উল্লেখ্য, একদা অনুব্রত মণ্ডলের অত্যন্ত বিশ্বস্ত ও ‘ছায়াসঙ্গী’ হিসেবে পরিচিত এই রাজীব ভট্টাচার্য।লটারি বিক্রেতা থেকে কোটিপতি রাইস মিল মালিক হওয়ার উত্থান যেন রূপকথার গল্প। খাদ্য দপ্তর সূত্রে খবর, চুক্তিমতো ধান থেকে চাল তৈরি করে সরকারি গুদামে ফেরত না দিয়ে, তা খোলা বাজারে পাচার করা হতো। ভুয়ো রেশন কার্ডের বরাদ্দ চাল এবং ধান ক্রয় কেন্দ্রগুলিকে কুক্ষিগত করে এই বিপুল বেআইনি কারবার চালানো হতো বলে সূত্রের খবর।
এতদিন ‘প্রভাবশালী’ নেতার হাত থাকায় খাদ্য দপ্তর পদক্ষেপ করতে পারেনি বলে অভিযোগ। অবশেষে বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও অত্যাবশ্যকীয় পণ্য আইনের কঠোর ধারায় মামলা রুজু করার ভিত্তিতে পুলিশ তাঁদের দুজনকে আজ ৪ জুন সিউড়ি আদালতে তোলা হয়। সিউড়ি আদালত ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এ তথ্য জানিয়েছেন সরকারি আইনজীবী মুক্তাব হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *