
শম্ভুনাথ সেনঃ
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় প্রশাসনিক পরিবর্তন নিয়ে এল রাজ্যের নতুন বিজেপি সরকার। চালু হচ্ছে বাধ্যতামূলক Face Recognition Biometric Attendance System। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর (Finance Department), অডিট শাখা কর্তৃক গত ২ জুন, ২০২৬ তারিখে জারি করা একটি গুরুত্বপূর্ণ স্মারক অনুসারে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, সময়ানুবর্তিতা নিশ্চিতকরণ, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং উপস্থিতির তথ্য ডিজিটালভাবে সংরক্ষণের লক্ষ্যে রাজ্যের সরকারি দপ্তরগুলিতে বাধ্যতামূলকভাবে Face Recognition Biometric Attendance System চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী ১৫ জুন, ২০২৬ থেকে নবান্নে এবং ৩১ জুলাইয়ের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে ফেস রিকগনিশন বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা। নতুন বিজেপি সরকারের অধীনে সময়ানুবর্তিতা ও কাজের গতি বাড়াতেই এই কড়া পদক্ষেপ।
নতুন নিয়ম অনুযায়ী, সকাল ১০:১৫ থেকে ১১:০০ টার মধ্যে দপ্তরে ঢুকলে তা ‘লেট’ এবং ১১:০০ টার পর ঢুকলে সরাসরি ‘অনুপস্থিত’ বলে গণ্য হবে। একইভাবে, বিকেল ৫:১৫-র আগে অফিস ছাড়লে মিলবে ‘আর্লি ডিপার্চার’ তকমা। একই দিনে এই দুটি ভুল করলে বা ফেরার সময় হাজিরা না দিলে সরাসরি একদিনের নৈমিত্তিক ছুটি (CL) কাটা যাবে। এছাড়াও, মাসে তিন দিন দেরি বা আগে বাড়ি ফিরলে কাটা যাবে একদিনের ছুটি।
তবে বাস্তব সমস্যার কথা মাথায় রেখে সদর দপ্তর থেকে ৮ কিলোমিটারের মধ্যে থাকার ছাড়পত্র (WBSR 29A) বহাল থাকছে। জরুরি সরকারি কাজের ক্ষেত্রেও দপ্তর প্রধানদের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। স্বচ্ছতা আনতে ও প্রশাসনকে আধুনিক করতে এই ডিজিটাল কড়াকড়ি অত্যন্ত প্রাসঙ্গিক ও সময়োপযোগী।
