বন্দুক দেখিয়ে ইট লুঠ! এবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বীরভূমের শান্তিনিকেতন থানায় এফআইআর

শম্ভুনাথ সেনঃ

ভোট পরবর্তী হিংসার আবহে এবার বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দায়ের হলো লিখিত অভিযোগ। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনী ফলাফলের পর বোমা-বন্দুক দেখিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার ইট লুটের অভিযোগে উত্তপ্ত শান্তিনিকেতন থানার আদিত্যপুর এলাকা।
আদিত্যপুর সংলগ্ন পাথরঘাটা গ্রামে ‘লায়ন ব্রিক ফিল্ড’-এর মালিক শুভেন্দু বিকাশ মণ্ডলের অভিযোগ, বোলপুরে দলীয় কার্যালয় তৈরির জন্য আগে ইট দিলেও পরবর্তীতে তাঁর কাছে মোটা টাকা তোলা চাওয়া হয়। তা না দেওয়ায়, ২০২১ সালের নির্বাচনের পর অনুব্রত মণ্ডলের নির্দেশে স্থানীয় উপ-প্রধান মামন শেখের নেতৃত্বে শতাধিক ট্রাক্টর নিয়ে তৃণমূল কর্মীরা তাঁর ভাটায় চড়াও হয়। বোমা ও বন্দুকের মুখে প্রাণভয়ে কোপাই নদীর তীর ধরে পালিয়ে বাঁচেন শুভেন্দুবাবু। অভিযোগ, সেই সময় প্রায় ৩ লক্ষ ইট লুঠ করা হয়, যার জেরে বন্ধ হয়ে যায় তাঁর ব্যবসা। মালিক শুভেন্দু বিকাশ মণ্ডলের অভিযোগ “তোলা দিতে পারিনি বলেই আমাকে ভোট পরবর্তী হিংসার শিকার হতে হয়েছে। অনুব্রতর নির্দেশেই আমার ব্যবসা শেষ করে দিয়েছে”।
তৎকালীন সময়ে পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি বলে দাবি অভিযোগকারীর। অবশেষে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর অনুব্রত মণ্ডল সহ ১৩ জনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অপরাধমূলক ষড়যন্ত্র, চুরি ও ভাঙচুরের বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *