
শম্ভুনাথ সেনঃ
রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর বীরভূম জেলায় ব্যাপকভাবে নিজেদের সাংগঠনিক পরিধি বাড়াচ্ছে ভারতীয় মজদুর সংঘ। শ্রমিক সংগঠনের বিস্তার এবং নতুন সদস্য সংগ্রহকে সামনে রেখে ৭ জুন, রবিবার বীরভূমের সদর সিউড়ির রামকৃষ্ণ সভাগৃহে একটি বিশেষ পরিচিতিকরণ পর্বের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন ক্ষেত্রের নির্মাণ শ্রমিক, পরিবহন কর্মী, এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা একজোটে অংশ নেন। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী দুধকুমার মণ্ডল, রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা, সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা প্রমুখ।
সংগঠনের জেলা সভাপতি অনন্ত পাল জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বহু শ্রমিক ও কর্মচারী ভারতীয় মজদুর সংঘের আদর্শ ও কর্মপদ্ধতির প্রতি আকৃষ্ট হয়ে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করছেন। ইতিমিধ্যেই জেলায় প্রায় আড়াই হাজার নতুন সদস্য যুক্ত হয়েছেন। তবে নতুন সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তিন স্তরের স্ক্রিনিং প্রক্রিয়া শেষে, আরএসএস (RSS) ও বিজেপির ছাড়পত্র মেলার পরেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হচ্ছে। শ্রমিক সংগঠনের ভিত্তি আরও শক্তিশালী করাই আগামী দিনের লক্ষ্য বলে জানান জেলা নেতৃত্ব।
