
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ইলামবাজার ব্লকের ঐতিহ্যবাহী জয়দেব-কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের জনুবাজার পিতাম্বর উচ্চ বিদ্যালয়ে আজ, ৮ জুন ১০ দফা দাবি নিয়ে ডেপুটেশন দিল ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা সংগঠনের সদস্যরা। বিদ্যালয়ের ৭৫ বছরের গৌরবময় ঐতিহ্য, পঠন-পাঠনের মান ফিরিয়ে আনা এবং কঠোর নিয়মানুবর্তিতার দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন জয়দেব কেন্দুলি থেকে বিজেপি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের একটি বিশাল মিছিল এসে বিদ্যালয় প্রাঙ্গণে জমায়েত হয়। কর্মসূচিতে স্থানীয় ছাত্রছাত্রীদের অভিভাবকেরাও স্বতঃস্ফূর্তভাবে শামিল হয়ে স্কুল পরিচালনা সংক্রান্ত বিভিন্ন ক্ষোভ ও দাবিদাওয়া জানান। উপস্থিত বিজেপি জেলা যুব মোর্চার সভাপতি শম্ভুনাথ রায় বলেন, “৭৫ বছরের এই ঐতিহ্যমন্ডিত বিদ্যালয়ের গৌরব বজায় রাখা এবং ছাত্রছাত্রীদের সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।” তিনি প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করে একটি হলফনামা জমা দেন।
অন্যদিকে, বিদ্যালয় কর্তৃপক্ষ ডেপুটেশন গ্রহণ করে আগামী দিনে পঠন-পাঠন ও নিয়মানুবর্তিতার দিকে কঠোর নজরদারি চালানোর এবং সার্বিক পরিবেশকে আরও উন্নত করার আশ্বাস দিয়েছেন।

