তৃণমূলের অন্দরে মহাধস: চেয়ারম্যান-সহ ১৪ কাউন্সিলরের ইস্তফায় ভাঙল বীরভূমের সাঁইথিয়া পুরবোর্ড

শম্ভুনাথ সেনঃ

বীরভূম জেলার রাজনীতিতে নজিরবিহীন ক্ষমতার বদল। বিরোধী শূন্য সাঁইথিয়া পুরসভার চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান-সহ ১৪ জন কাউন্সিলর একযোগে পদত্যাগ করলেন। এর ফলে ১৬ আসনের সাঁইথিয়া পুরবোর্ডটি সম্পূর্ণ ভেঙে গেল। বীরভূমের ৬টি পুরসভার মধ্যে এই প্রথম কোনও পুরবোর্ড এভাবে পতন ঘটল। আজ ৮ জুন,
সোমবার সিউড়ির মহকুমা শাসক কাছে পদত্যাগপত্র জমা দেন পুরপ্রধান বিপ্লব দত্ত ও উপ-পুরপ্রধান কাজি কামাল হোসেন সহ অন্য কাউন্সিলররা। ১৬ জনের মধ্যে কেবল ৩ নম্বর ওয়ার্ডের মানস সিংহ ও ৯ নম্বর ওয়ার্ডের মায়া সাহা পদত্যাগ করেননি। ২০২২ সালের নির্বাচনে এই পুরসভায় তৃণমূল ১৬টি আসনেই জয়লাভ করে বোর্ড গঠন করেছিল, যার মধ্যে ১৩টি আসনেই তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল। পুরপ্রধান বিপ্লব দত্ত জানিয়েছেন, “আমরা তৃণমূলের প্রতীকে জিতেছিলাম। কিন্তু মানুষ এবার তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। আসল দল কোনটা সেটাই বুঝছি না। তাই ব্যক্তিগত সিদ্ধান্তেই পদত্যাগ করলাম।”
অন্যদিকে, ভাইস-চেয়ারম্যান ও বাকি কাউন্সিলররা পদত্যাগের কারণ হিসেবে ‘শারীরিক অসুস্থতা’ ও ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেছেন। তবে এই গণ-ইস্তফাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। সাঁইথিয়ার বিজেপি বিধায়ক কৃষ্ণকান্ত সাহা এই ঘটনাকে কটাক্ষ করে দাবি করেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনকল্যাণমূলক কাজে আপ্লুত হয়েই সবাই তৃণমূল ছাড়ছেন এবং আগামী দিনে এই তৃণমূল দলের কোনও অস্তিত্বই থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *