চাকরি খেয়ে নেওয়া ও প্রাণে মারার হুমকি: হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মীকে দীর্ঘ ৭ বছর নিগ্রহ, গ্রেপ্তার অভিযুক্ত

শম্ভুনাথ সেনঃ

কাজ থেকে বরখাস্ত করার ভয় এবং প্রতিনিয়ত প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে এক অস্থায়ী মহিলা কর্মীকে দীর্ঘ সাত বছর ধরে শারীরিক ও মানসিক নিগ্রহের অভিযোগ উঠল সিউড়ি সদর হাসপাতালের তৎকালীন সুপারভাইজার জার্মান খানের বিরুদ্ধে। অবশেষে নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে সিউড়ি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, ২০১৭ সালে সিউড়ি সদর হাসপাতালে সাময়িক চুক্তিভিত্তিক ওয়ার্ড গার্ড হিসেবে নিযুক্ত ছিলেন ওই মহিলা। অভিযোগ, সেই সময়েই হাসপাতালের সুপারভাইজার জার্মান খান নিজের পদের প্রভাব খাটিয়ে ২০১৯ সাল থেকে তাঁর ওপর নির্যাতন শুরু করেন। মুখ খুললে চাকরি খেয়ে নেওয়া এবং তাকে ও তার স্বামীকেও খুনের হুমকি দেওয়া হতো। বর্তমানে জার্মান খান ডেউচা পাঁচামি কয়লা প্রকল্পের জমিদাতা হিসেবে জুনিয়র কনস্টেবলের চাকরি পান এবং সিউড়ি সদর হাসপাতালের পুলিশ সেলে কর্মরত ছিলেন।
দীর্ঘদিনের এই অপমান ও লাঞ্ছনা সহ্য করতে না পেরে গত ৩১ মে ওই মহিলা বাড়িতে আত্মহত্যার চেষ্টা করেন। স্বামীর তৎপরতায় তিনি রক্ষা পান এবং পুরো বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই সস্ত্রীক ওই ব্যক্তি স্থানীয় বিজেপি কার্যালয়ে গিয়ে আইনি সহায়তার আবেদন জানান। এই ঘটনায় নির্যাতিতার পাশে দাঁড়িয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপির যুব মোর্চার সভাপতি সমরেশ ঘোষ তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, “তৎকালীন শাসকদলের রাজনৈতিক মদতেই জার্মান খান দীর্ঘদিন ধরে এই চরম অত্যাচার চালানোর সাহস পেয়েছিল।” তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *