বীরভূমের রামপুরহাটে প্রশাসনের কড়া অ্যাকশন: সিল একগুচ্ছ বেআইনি প্যাথলজি ল্যাব

শম্ভুনাথ সেনঃ

সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি রুখতে এবার কোমর বেঁধে ময়দানে নামল বীরভূম জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তর। আজ ১০ জুন, বুধবার রামপুরহাট শহর জুড়ে আচমকা হানা দিয়ে একাধিক বেআইনি প্যাথলজি ল্যাব সিল করে দিলেন আধিকারিকরা। প্রশাসনের এই অতর্কিত অভিযানে রীতিমতো শোরগোল পড়ে গেছে গোটা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে এদিন মহকুমা শাসক (SDO), এসডিপিও (SDPO), রামপুরহাট থানার আইসি এবং স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ কর্তারা যৌথ অভিযান চালান। শহরের বিভিন্ন ল্যাবে গিয়ে তাঁরা পরিকাঠামো ও লাইসেন্স পরীক্ষা করেন। তল্লাশি চলাকালীন দেখা যায়, বেশ কিছু ল্যাব কোনো বৈধ সরকারি নথিপত্র ছাড়াই রমরমিয়ে ব্যবসা চালাচ্ছিল।


জনস্বাস্থ্যের সুরক্ষায় কোনো আপস না করে তৎক্ষণাৎ সেই সমস্ত অবৈধ ল্যাবগুলি সিল করে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, মানুষের জীবন নিয়ে খেলা করা এই বেআইনি কারবার রুখতে আগামীদিনেও শহরের আনাচে-কানাচে এমন কড়া অভিযান জারি থাকবে। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে একযোগে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *