কৃষিমন্ত্রী হয়েই ঘরের ছেলে গ্রামে, মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নিলেন দুধকুমার মণ্ডল

শম্ভুনাথ সেনঃ

রাজ্যের নতুন কৃষিমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতেই নিজের আদি গ্রাম বীরভূমের ব্রাহ্মণ বহড়ায় ফিরলেন ঘরের ছেলে দুধকুমার মণ্ডল। দীর্ঘদিন ধরে চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে দলীয় সংগঠন সামলানোর পর, তাঁর এই সাফল্যে খুশির হাওয়া গোটা জেলা জুড়ে। গ্রামের মাটিতে পা রাখতেই নবনিযুক্ত মন্ত্রীকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও দলীয় কর্মীরা। ঢাকঢোল, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। গ্রামের মহিলারা পুষ্পবৃষ্টি করে এবং ফুলের মালা দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। নিজের চেনা ভিটেয় ফিরে আবেগআপ্লুত কৃষিমন্ত্রী সোজাসুজি চলে যান গ্রামের বামাকালি ও অন্নপূর্ণা মন্দিরে। সেখানে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন তিনি।
নিজে ‘চাষার ছেলে’ হওয়ায় কৃষকদের সুখ-দুঃখ তিনি ভালো করেই বোঝেন। পুজো শেষে লাড্ডু বিতরণের মাঝে দুধকুমার বাবু জানান, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শকে সামনে রেখে তিনি রাজ্যের দরিদ্র কৃষকদের মুখে হাসি ফোটাতে এবং তাঁদের সার্বিক কল্যাণে সমস্ত শক্তি দিয়ে কাজ করবেন। আজ ১১ জুন তিনি কলকাতায় নবান্নে রাজ্যের কৃষি মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *