বীরভূমের ইলামবাজারে রাতের অন্ধকারে ভয়াবহ আগুন: পুড়ে ছাই সর্বস্ব, নাশকতার অভিযোগ

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের ইলামবাজার ব্লকের শুনুট গ্রামে রাতের অন্ধকারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল তপন বাগদি নামে এক ব্যক্তির ঘরবাড়ি। গতকাল রাত ১টা নাগাদ হঠাৎই তাঁর বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন প্রতিবেশীরা। তাঁরাই তড়িঘড়ি দরজা ভেঙে ঘুমন্ত সদস্যদের উদ্ধার করায় বড়সড় প্রাণহানি এড়ানো গেছে।
তবে প্রাণ বাঁচলেও রক্ষা মেলেনি শেষ সম্বলটুকুর। চোখের নিমেষে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গৃহপালিত পশু, আসবাবপত্র, জামা কাপড়, টাকা পয়সা, এবং জমি-বাড়ির জরুরি নথিপত্র। খবর পেয়ে ইলামবাজার থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এটি সাধারণ দুর্ঘটনা নয়, বরং রাতের অন্ধকারে দুষ্কৃতীদের চালানো এক পরিকল্পিত নাশকতা। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে গ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। সব হারিয়ে বর্তমানে নিঃস্ব পরিবারটি সরকারি সাহায্য ও ক্ষতিপূরণের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *