
শম্ভুনাথ সেনঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে বীরভূম জেলা জুড়ে শুরু হয়েছে উৎসবের আবহ। এই ঐতিহাসিক মাইলফলককে উদযাপন করতে আজ ১৩ জুন বীরভূমের সদর সিউড়ির DRDC হলে এক বর্ণাঢ্য ‘প্রবুদ্ধ সম্মেলন’ অনুষ্ঠিত হল।জেলার সাতটি বিধানসভা এলাকার শিক্ষক, অধ্যাপক, সাহিত্যিক, আইনজীবী, সাংবাদিক সহ সমাজের বিদগ্ধ ব্যক্তিত্ব মিলিয়ে অন্তত ৫০০ জন প্রবুদ্ধ নাগরিক এই সম্মেলনে অংশ নেন। অনুষ্ঠানস্থলেই তাঁদের চন্দনের ফোঁটা ও উত্তরীয় দিয়ে সশ্রদ্ধ বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বিগত এক যুগে মোদি সরকারের শাসনব্যবস্থার এক যুগান্তকারী রূপান্তর ও সাফল্যের খতিয়ান তুলে ধরেন। ডিপিআই (DPI) ও ডিবিটি (DBT)-র মাধ্যমে দুর্নীতিমুক্ত কল্যাণমুখী প্রকল্প, ৮০ কোটিরও বেশি মানুষের বিনামূল্যে খাদ্যশস্য লাভ, ‘আবাস যোজনা’য় ৪ কোটি পাকা বাড়ি এবং ‘জল জীবন মিশন’-এর অভূতপূর্ব সাফল্যের কথা উঠে আসে আলোচনায়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা এবং সাঁইথিয়া বিধানসভার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলা সাংগঠনিক জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি, প্রাক্তন জেলা সভাপতি নির্মল মণ্ডল, সুকুমার দাস ও রামকৃষ্ণ রায় প্রমুখ। উপস্থিত বিদগ্ধ সমাজকে দেশের ‘বিশ্বাস, বিকাশ ও জনকল্যাণ’-এর ধারাকে অক্ষুণ্ণ রাখতে আগামী দিনের পথ চলার সঠিক পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানান নেতৃবৃন্দ। সব মিলিয়ে এদিনের অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সাড়ম্বর ও সুশৃঙ্খল।

