
শম্ভুনাথ সেনঃ
সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও নিত্যদিনের সমস্যার দ্রুত সমাধানে এক অভিনব উদ্যোগ নিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী তথা বীরভূমের সিউড়ি বিধানসভার বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। সাধারণ মানুষের ঘরের দুয়ারে পৌঁছাতে তিনি চালু করলেন হোয়াটসঅ্যাপ পরিষেবা ‘জনতার দরবার’। এবার থেকে এলাকার বাসিন্দারা সরাসরি ৮০০১১১১২৮৫ নম্বরে বার্তা পাঠিয়ে নিজেদের অভাব-অভিযোগ জানাতে পারবেন।
উচ্চশিক্ষা দপ্তরের গুরুদায়িত্ব সামলানোর পাশাপাশি নিজের বিধানসভা এলাকার মানুষের পাশে থাকতেই মন্ত্রীর এই অভিনব প্রয়াস। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ কিংবা প্রশাসনিক জটিলতা— যেকোনো জনস্বার্থমূলক বিষয়ে সরাসরি বিধায়কের দৃষ্টি আকর্ষণ করা যাবে এই নম্বরে। অভিযোগ পাওয়ার পর বিধায়কের প্রতিনিধি দল তা খতিয়ে দেখে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সাথে যোগাযোগ করে দ্রুত সমাধানের ব্যবস্থা করবে।
ইতিমধ্যেই এই নম্বরে জমা পড়েছে একাধিক অভিযোগ। সিউড়ি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের এক বৃদ্ধ দম্পতি তাঁদের ঘর ভাড়া সংক্রান্ত দীর্ঘদিনের এক সমস্যার কথা জানিয়ে এই পরিষেবার দ্বারস্থ হয়েছেন এবং তাঁদের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও মিলেছে। সাধারণ মানুষের সাথে নিবিড় সংযোগ গড়ে তোলার এই ডিজিটাল উদ্যোগ এলাকায় ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।
