
শম্ভুনাথ সেনঃ
নাম পরিবর্তন হলেও অক্ষুণ্ণ রইল গরিবের সস্তার আহার। বীরভূমের দুবরাজপুর পৌরসভায় পশ্চিমবঙ্গ সরকারের পূর্বতন ‘মা ক্যান্টিন’-এর নাম বদলে এবার চালু হলো ‘মা আহার’ প্রকল্প। রাজ্য জুড়ে সরকারি লোগো ও নাম পরিবর্তনের জেরেই এই সিদ্ধান্ত। তবে নাম বদলালেও খাবারের দাম কিন্তু সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই, অর্থাৎ মাত্র ৫ টাকাই রাখা হয়েছে।

দুবরাজপুর ইন্দিরা গান্ধী মার্কেট সংলগ্ন এলাকায় দৈনিক অন্তত ১৫০ জন অসহায় ও প্রান্তিক মানুষ এই পুষ্টিকর খাবার গ্রহণ করেন। সম্পূর্ণ রান্না ও সরবরাহের দায়িত্বে রয়েছেন স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা। নতুন এই প্রকল্পের আওতায় খাবারের মানেও এসেছে বড় চমক। এই সামান্য মূল্যেই উপভোক্তারা সপ্তাহে দুদিন মাছ, দুদিন ডিম এবং দুদিন সুস্বাদু সবজির পাত পাবেন। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকেই দুবরাজপুর পৌরসভায় এই নতুন ও আকর্ষণীয় খাদ্য তালিকা কার্যকর করা হয়েছে, যা ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

