পয়লা আষাঢ়ে বীরভূমের বৈষ্ণব ভূমি জয়দেব কেন্দুলীতে সাড়ম্বরে উদযাপিত ‘গীতগোবিন্দ দিবস’ কবিদের সাহিত্য আড্ডা

শম্ভুনাথ সেনঃ

বর্ষাঋতুর প্রথম দিন, পয়লা আষাঢ় বীরভূমের বৈষ্ণব তীর্থক্ষেত্র জয়দেব-কেন্দুলী এলাকার মানুষের কাছে এক পরম পবিত্র দিন। এই বিশেষ দিনটি স্থানীয় স্তরে “গীতগোবিন্দ দিবস” হিসেবে চিহ্নিত। দ্বাদশ শতকে প্রেমের কবি জয়দেব গোস্বামী অজয় নদের পাড়ে এই কেন্দুলীর মাটিতে বসেই রচনা করেছিলেন তাঁর কালজয়ী সংস্কৃত কাব্যগ্রন্থ “গীতগোবিন্দ”। কবি কালিদাসের ‘মেঘদূত’ সৃষ্টির এই আবহেই বীরভূমের কৃষিজীবী মানুষ সুচারু বর্ষার প্রার্থনা জানিয়ে স্মরণ করেন জয়দেবের সেই বিখ্যাত শ্লোক— ‘মেঘৈর্মেদুরমম্বরং বনভুবঃ…’।
প্রতিবছরের মতো এবারও জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতির আয়োজনে কেন্দুলীর ভক্তিভবনে সাড়ম্বরে উদযাপিত হলো “গীতগোবিন্দ দিবস” এবং একই সাথে সম্পন্ন হলো সাহিত্য আড্ডার ৩১ তম বর্ষপূর্তি অনুষ্ঠান।
কবি ও প্রাবন্ধিক ডাঃ অরুণাভ সেনগুপ্তের পৌরহিত্যে, শিল্পী সাহিত্যিক শান্তি কুমার রজকের ‘গীতগোবিন্দ’ পাঠ ও সুরের মূর্ছনায় সভার সূচনা ঘটে। সমিতির সভাপতি রণজিৎ মুখোপাধ্যায় অনুষ্ঠানে মুখকথা পরিবেশন করেন। সারা দুপুর জুড়ে চলে জয়দেব চর্চা, কবিতা পাঠ, গান ও মননশীল আলোচনা চক্র। অনুষ্ঠান মঞ্চ থেকে প্রকাশিত হয় “চণ্ডীদাস” পত্রিকা। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি নীলোৎপল ভট্টাচার্য, ডাঃ অরুনাভ সেনগুপ্ত,তাপস চট্টরাজ, অধ্যাপক ড.রবিন ঘোষ,মিহির পাল,অসীম শীল, শিবপ্রসাদ খাঁ,অলোক দাঁ, রাসবিহারী শীল প্রমুখ কবি সাহিত্যিক শিল্পী কলাকুশলীরা এই আড্ডায় অংশ নেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবী সুবোধ চন্দ্র রুজকে সেখ মারহুম স্মৃতি সম্মাননা, পাশাপাশি “চরৈবেতি” পত্রিকার সম্পাদক কুদ্দুস আলিকে সাংবাদিক সুভাষ কবিরাজ স্মৃতি পুরস্কার কাঁসার থালা স্মৃতি স্বারক তুলে দেওয়া হয়। কবি আনারুল হকের সুচারু সঞ্চালনায় আষাঢ়ের এই সাহিত্য বাসরটি হয়ে ওঠে অনন্য ও শ্রুতিমধুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *