
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মল্লারপুর থানার নান্দরা বটতলা মোড়ে বিপুল পরিমাণ বৈদ্যুতিক সরঞ্জাম সহ একটি ট্রাক আটক করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালক সহ ট্রাকটিকে হেফাজতে নেয়। তল্লাশি চালিয়ে যানটি থেকে ৭টি ট্রান্সফরমার এবং প্রচুর সরকারি বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া সামগ্রীগুলো পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরের। বোলপুর সাংগঠনিক বিজেপির জেলা সহ-সভাপতি জয় শংকর সিনহা অভিযোগ করেন, বিদ্যুৎ দপ্তরের এক ঠিকাদার কর্মী মল্লারপুর ডাঙ্গালের বাসিন্দা দেবব্রত মণ্ডল অবৈধভাবে এই সরকারি মালপত্র পাচার ও বিক্রি করার চেষ্টা করছিলেন। তিনি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই বিপুল পরিমাণ সরঞ্জাম কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
