
শম্ভুনাথ সেনঃ
রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই প্রভাবশালীদের আর্থিক লেনদেন ও সম্পত্তি বৃদ্ধির বিষয়টি কড়া নজরদারিতে রয়েছে। এবার সেই সূত্র ধরেই বীরভূমের বোলপুরে এক তৃণমূল-ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে আচমকা হানা দিল রাজ্য কর দপ্তর। আজ ১৭ জুন, বুধবার দুপুরে বোলপুরের গুরুপল্লী এলাকায় রাজ্য পণ্য ও পরিষেবা কর (GST) দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের একটি দল স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী নাসির সেখের বাসভবনে হাজির হন। শাসকদলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই ব্যবসায়ীর বাড়িতে রাজ্য দপ্তরের এমন আকস্মিক অভিযানে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
সূত্র মারফত জানা গেছে, সাম্প্রতিক সময়ে নাসির সেখের সম্পত্তিতে অস্বাভাবিক বৃদ্ধি এবং আয়-ব্যয়ের খতিয়ানে বেশ কিছু অসঙ্গতি মেলাতেই এই পদক্ষেপ। মূলত জিএসটি ও আয়কর ফাঁকির কোনো ঘটনা ঘটেছে কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতেই এই তল্লাশি চালানো হয়। এই ঝটিকা অভিযানকে কেন্দ্র করে বর্তমানে বোলপুরের রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
